টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে গেল শুক্রবারে দেশে ফিরে বাংলাদেশ দল। তবে গেল কয়েক দিন ধরে বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স কেমন ছিল, সেটা থেকে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে বিশ্বকাপে ঘুমের কারণে তাসকিনের ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করা নিয়ে। তাসকিন দলের গুরুত্বপূর্ণ বোলার সেই সঙ্গে সহ-অধিনায়কও। দেশের ক্রিকেট সমর্থকরাও দায়িত্বপ্রাপ্ত খেলোয়াড়দের এমন কাণ্ড মেনে নিতে পারছেন না। সেই সঙ্গে অনেকে এই ক্রিকেটারের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।
এতদিন চুপ থাকলেও এবার ঘুমকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তাসকিন আহমেদ। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলছেন এই স্পিডস্টার। যার সুবাদে বতর্মানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তিনি। তবে গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট শেয়ার করেন তিনি। সেই পোস্টে ঘুমকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই টাইগার পেসার। পোস্টের শুরুতে তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে ঘুমকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা ও বানোয়াট। তবে তিনি স্বীকার করে যে তিনি একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলেন। যার জন্য তিনি টিম ম্যানেজমেন্টের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। তবে অতটাও দেরি করেননি, যার জন্য ম্যাচ মিস করবেন তিনি।
এই নিয়ে তিনি বলেন, ‘ আমি সকাল ৮টা ৩৭ মিনিটে ঘুম থেকে উঠেছিলাম উঠেছিলাম এবং ৮টা ৪৩ মিনিটে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকাল ৯ টায় হোটেল ছেড়েছি। আমি সকাল ৯টা ৪০ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০টায়। আমরা সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সংগীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছিল।’
সেই সঙ্গে তিনি আরও উল্লেখ করেন টিম বাস মিস করা নয় বরং টিম কম্বিনেশনের কারণে ভারতের বিপক্ষে একাদশে তাকে রাখা হয়নি। এই নিয়ে তিনি বলেন, ‘আমি জানি আমি সময়মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সঙ্গে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত ছিল না।’
এছাড়াও সাংবাদিকদের ভিত্তিহীন সংবাদ প্রকাশ না করারও জন্য অনুরোধ করেন তাসকিন। অদূর ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে, আমি আইনি ভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে।’
তবে গেল পরশু সাকিব আল হাসান মেজর টি-টোয়েন্টি লিগ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য দেশ ছাড়ার আগে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে ভিন্ন বক্তব্য দেন এই টাইগার অলরাউন্ডার। তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে সাকিব বলেন, ‘তাসকিন আসলে মাঠে পৌঁছেছিল, টস হওয়ার ৫-১০ মিনিট আগে সম্ভবত। খুবই কাছাকাছি সময়ে আসলে। স্বাভাবিকভাবে ঐ সময়ে ওকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল। এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে, তার জন্যও একটু কঠিন। স্বাভাবিকভাবেই তাসকিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে এটা নিয়ে। দলের সবাই এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে।’
