নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সৈয়দপুরে পাঁচটি ওষুধ দোকানের (ফার্মেসি) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সোমবার দুপুরে জরিমানা করেন।
শহরের সৈয়দপুর পাজায় অবস্থিত নোভা ড্রাগসের স্বত্বাধিকারী জাহানুর রহমানের ২০ হাজার টাকা, স্মৃতি মেডিকেল স্টোরের মালিক আতাহার হোসেনের ১৫ হাজার টাকা, তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ে সৌদি ঔষধালয়ের মালিককে পাঁচ হাজার টাকা, বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) রাণী ফার্মেসির মালিক রেজওয়ানের পাঁচ হাজার টাকা ও শেরেবাংলা সড়কের ইমরান ফার্মেসির মালিক ইমরানের ৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণে ঐ জরিমানা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মমতাজ বেগম, সৈয়দপুর থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর।
