মাগুরায় কলেজছাত্রকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫০

মাগুরায় কলেজছাত্র লিছান আহমদকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সোমবার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো— রবিন (১৮) ও হাসান (১৮)। তাদের উভয়ের বাড়ি মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের মধ্যপাড়ায়। মাগুরা সদর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার খান মহম্মদ রেজোয়ান এ তথ্য জানান।

তিনি জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনের নাম পাওয়া গেছে। এরমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, রবিবার দুপুরে মাগুরা পৌর এলাকার শিবরামপুর মডার্নমোড়ে কলেজছাত্র লিছান আহমদকে (১৬) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বন্ধু ইউসুফ রেজা আহত হয়েছে। লিছান মাগুরা পৌর এলাকার রফিকুল ইসলামের ছেলে।