১০৯ নম্বরে কল দিয়ে বাল্যবিয়ে বন্ধ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫১

মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইন ১০৯ নম্বরে কল করে বীথি হালদার (১৩) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বীথি উপজেলার মুন্ডুমালা সদরের সাদিপুর এলাকার অরুণ হালদারের মেয়ে এবং স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, রবিবার রাতে পার্শ্ববর্তী গ্রামের নিজ হিন্দু সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে বীথি হালদারের বিয়ের দিন ধার্য ছিল; কিন্তু ১৩ বছরের বীথির বিয়ে মেনে নিতে পারেনি প্রতিবেশী অনেকেই। এদের মধ্যে একজন সচেতন ব্যক্তি মহিলাবিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইন ১০৯ নম্বরে কল করে বাল্যবিয়ের খবর জানান। পরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুকে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে বাল্যবিয়ে বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে বলা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থানার পুলিশ সদস্যসহ বীথির বাড়িতে উপস্থিত হয়ে তার বিয়ে বন্ধ করে দেন। এ সময় অন্যরা পালিয়ে যান।