পাকশীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার ঈশ্বরদী জংশন স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে। মুক্তিযোদ্ধা ও জনতা মানববন্ধন ও তিন ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান ধর্মঘট পালন করে।
কর্মসূচি চলাকালে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস, রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের সামনে অবস্থান নিয়ে ১০ মিনিট করে বিলম্বিত করা হয়।
বিক্ষোভ চলাকালে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত সেলিমের ছেলে তানভীর রহমান তন্ময়, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, ফজলুর রহমান ফান্টু, সিরাজ উদ্দিন বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে মুক্তিযোদ্ধা ও পাকশীর আওয়ামী লীগ নেতা সেলিম মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
