নদী দখলমুক্ত করতে রবিবার নগরীর কাজিরবাজারের অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড যৌথ অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে।
নগরীর তোপখানা থেকে কাজিরবাজার সেতু পর্যন্ত সুরমার তীর দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। এসব স্থাপনা চিহ্নিত করে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। এজন্য লিখিত নোটিস ও মাইকিংও করা হয়েছিল। কিন্তু তারা সরে না যাওয়ায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে কাজিরবাজার খেয়াঘাট এলাকায় ৩৩টি ও কাজিরবাজার মাছবাজার এলাকায় ৩০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী হাকিম খৃস্টফার হিমেল রিচিল জানান, বারবার নোটিস দেওয়ার পরও অবৈধ দখলদাররা স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। তাই অভিযান চালিয়ে প্রায় ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
