চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খানের বাসভবনে জানালা দিয়ে মশারি কেটে মোবাইল ফোন চুরির ঘটনায় শহরের বড় স্টেশন রেলওয়ের পরিত্যক্ত বাংলো থেকে এক চোরকে আটক করেছে পুলিশ।
জীবন শেখ নামে চোরকে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রব আটক করেন। এ সময় পুলিশ জেলা জজের বাসার পাশের বাসায় চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার করে। পুলিশ পরিদর্শক আব্দুর রব জানান, রবিবার ভোরে জেলা ও দায়রা জজের বাসার চুরি হয়। সিসি টিভির ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা হয় এবং তার বাড়ি থেকে জেলা ও দায়রা জজের স্ত্রীর নোকিয়া মোবাইল, একটি টর্চলাইট ও চুরির সময় জীবন শেখের গায়ে থাকা একটি টি-শার্ট উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটক চোর জীবন শেখ শহরের বকুলতলা এলাকার জেডিসি কলোনীর বিল্লাল শেখের ছেলে। সে চিহ্নিত চোর। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
