জমিলা বেগম, বুলবুলী বেগম ও সুনেত্রা রানী কাজ করেন গাইবান্ধার এবিসি ইটভাটায়। বছরের ছয় মাসই তাদের কাটে এই ইটভাটার ধুলার মধ্যে। দৈনিক মাত্র ৪০০ টাকা পারিশ্রমিক পান। সেই টাকা দিয়েই চলে তাদের জীবন। এমন একটি ছবি ফ্রেমবন্দি করে বর্ষসেরা পুরস্কার বিজয়ী হয়েছেন ফোকাস বাংলার আলোকচিত্রী কুদ্দুস আলম। আরেকটি ছবিতে দেখা গেল, ঢাকা নিউ মার্কেটে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে আনলেও তীব্র গরম ও ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বস্তির আশায় পানির ট্যাংকের পাইপ থেকে চোখেমুখে স্বস্তির জলে নিজেকে জুড়িয়ে নিচ্ছেন—এমন একটি ছবি ফ্রেমবন্দি করে বিশেষ সম্মাননা পেলেন ইত্তেফাকের আলোকচিত্রী আব্দুল গনি। এমনি অনেক ছবির ফ্রেমে ধরা দিল অনেকের গল্প। যে গল্প বিস্ময় ও বেদনা জাগানো।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের সম্মুখসারিতে কর্মরত আলোকচিত্র সাংবাদিকদের অর্জনকে উদযাপন ও সম্মান জানাতে দৃক পিকচার লাইব্রেরি কর্তৃক আয়োজিত বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৪ উদ্বোধনীতে এ পুরস্কার পেলেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, শিল্পী ও আন্দোলনকর্মী আলোকচিত্র সাংবাদিক মনিরুল আলম, ফটোব্যাংক গ্যালারির শোয়েব ফারুকী। স্বাগত বক্তব্য দেন দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও প্রদর্শনীর কিউরেটর এ এস এম রেজাউর রহমান।
এবারের প্রদর্শনীতে ২০২২ সাল থেকে দৃকের ধারাবাহিক আয়োজন বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট (বিপিপিসি) এর ৩য় সংস্করণে নির্বাচিত ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে। এ বছর ১৬ এপ্রিল ছবি আহ্বানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি উন্মুক্ত করা হয়। এতে আলোকচিত্র সাংবাদিকরা ২০২৩ সালে তোলা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক প্রায় ১ হাজারের বেশি ছবি জমা দেন।
ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন তার অভিজ্ঞতা থেকে বলেন, আলোকচিত্র সাংবাদিকদের কাজ অনেক কঠিন। তাদের সবকিছু আলাদা চোখ দিয়ে দেখতে হয়, কিন্তু সেই দেখার চোখের আজ অনেক অভাব। তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করাটাও সমানভাবে জরুরি।
শহিদুল আলম বলেন, দুনিয়ার কোনো প্রেস ফটো প্রতিযোগিতায় আমার জানামতে গণমুখী সাংবাদিকতার ক্যাটাগরি নেই। মিডিয়ার মালিকানাসহ নানা কারণে তারকা বা প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় প্রচারেই মিডিয়ার কাজ সীমাবদ্ধ থাকে। আজকের প্রদর্শিত ছবিগুলোর আলোকচিত্রীরা নিজেদের দায়বদ্ধতা থেকেই এই কাজগুলো করেছেন। তাদের কাজের মধ্য দিয়ে নিজেদের প্রমাণ করে বাংলাদেশের আলোকচিত্র আজ অনেক দূর পৌঁছে গেছে।
অমল আকাশ বলেন, আমি নিজে ছবি আঁকার এবং গানের মানুষ, কিন্তু দৃক আমাকে এই প্রতিযোগিতার বিচারক হিসেবে সুযোগ দিয়ে দেখিয়েছে যে, অন্য মাধ্যমের মানুষ এবং শিল্পীদেরও এই বিচার প্রক্রিয়ায় যুক্ত হবার সুযোগ আছে।
মনিরুল আলম বলেন, আলোকচিত্র সাংবাদিকদের প্রথাগত ছবির বাইরে, সাধারণ অনুষ্ঠানের ছবি ছাড়া অন্য ছবি তোলার অভ্যাস করতে হবে, যেসব ছবি অনন্য এবং আলাদা সেগুলোই মানুষের মনে ধরে, প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেয়। আর যারা এ বছর পুরস্কার পায়নি তাদের চেষ্টা করে যেতে হবে।
শোয়েব ফারুকী বলেন, সাংবাদিকদের চোখ খোলা রাখতে হবে নতুন ধরনের ছবির জন্য। নতুন ছবি সহজেই যে কোনো মানুষের চোখে পড়ে এবং পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে থাকে।
এবারে বর্ষসেরা আলোকচিত্র ২০২৩ বিজয়ী ফোকাস বাংলার কুদ্দুস আলম এবং তিনি পুরস্কার পেয়েছেন ১,০০,০০০ টাকা। একই সঙ্গে তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন আরো ছয় জন আলোকচিত্রী। বিভাগ বিজয়ীরা হচ্ছেন—শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়ায় কাজী গোলাম কুদ্দুস হেলাল, এফআইএপি এবং বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন নিউজবাংলা২৪.কমের পিয়াস বিশ্বাস।
রাজনীতি বিভাগে দৈনিক প্রথম আলোর মো. সাজিদ হোসাইন এবং বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নায়েম আলী। জনমুখী সাংবাদিকতায় দৈনিক বাংলার সৈয়দ মাহমুদুর রহমান এবং বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাকের আবদুল গনি।
প্রতিটি বিভাগ থেকে একজন বিজয়ী ও একজন বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী পেয়েছেন যথাক্রমে ৫০,০০০ টাকা ও ১০,০০০ টাকা। পাশাপাশি তারা প্রত্যেকে পেয়েছেন সম্মাননা স্মারক এবং সনদ। এছাড়া দৃক ২০২৩ সাল থেকে আলোকচিত্র সাংবাদিকতায় প্রান্তিক গোষ্ঠীর অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য ‘আদিবাসী জনগোষ্ঠী গ্র্যান্ট’ প্রবর্তন করেছে। এ বছর এই গ্র্যান্ট জিতেছেন আদিবাসী আলোকচিত্রী ডেনিম চাকমা, পুরস্কারের মূল্যমান ৫০,০০০ টাকা। গ্র্যান্টের সার্টিফিকেট গ্রহণকালে তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে চট্টগ্রামের পাহাড়ে ছবি তোলাটা একটা যুদ্ধ মনে হয়, সব সময় একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। কখন কী হয় বলা যায় না।
অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেন আলোকচিত্রী এবং লেখক জান্নাতুল মাওয়া। তিনি বলেন, বছর তিনেক আগে দক্ষিণ এশিয়ার একটি ছবির প্রতিযোগিতায় আমি বিচারক থাকাকালীন একটা ছবির পক্ষে কথা বলি, তখনো জানতাম না সেটা ডেনিমের কাজ। আজ ওকে এখানে এই গ্র্যান্ট জিতে নিতে দেখে খুব ভালো লাগছে। একই সঙ্গে এবারের প্রদর্শনীতে ২০২৩ সালের প্রথম অনুদান বিজয়ী পদ্মিনী চাকমার কিছু বাছাইকৃত ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

