সেনবাগ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও আট মামলার আসামি আবু সুফিয়ানকে রবিবার রাতে তার সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে: আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন প্রকাশ তারেক। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি), ১১ রাউন্ড এলজি গুলি, এলজির একটি গুলির খোসা, তিনটি অবিস্ফোরিত ককটেল এবং ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে।
পুলিশ জানায়, সেনবাগ থানার এএসআই কাউছারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মোহাম্মদপুর গ্রামের মন্ত্রীরটেকে জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এরপর আবু সুফিয়ানের বসতঘর ঘিরে ফেলে সহযোগীসহ গ্রেফতার করে। সেনবাগ থানার ওসি (তদন্ত) আবদুল আলী পাটোয়ারী জানান, এ ঘটনায় সেনবাগ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
