রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বাঘা থানার একটি হত্যা মামলায় পৌরসভার মেয়র আক্কাছ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে শান্তিপূর্ণ ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর থেকে আক্কাছ আলী আত্মগোপন ছিলেন।
বাঘা থানার ওসি (তদন্ত) মো. সোহেব খান জানান, বাবুল হত্যায় পৌর মেয়রকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। এই মালায় মেয়রের ভাগিনা ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা মেরাজুর ইসলাম মেরাজসহ ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আক্কাছ আলীর বিরুদ্ধে ২২টি মামলা ও ১৭টি সাধারণ ডায়েরি রয়েছে।
