শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় সোমবার পানি উন্নয়ন বোর্ডের ভাঙা বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। এদিন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা গাবতলায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের স্থানীয় প্রকৌশলী শ্যামল দত্ত জানান, সোমবার সকালে ভাঙা বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করা হয়েছে। তবে শুকনো মাটির অভাবে কাজ বিঘ্নিত হচ্ছে। আগামী ৩/৪ দিনের মধ্যে ভাঙা অংশে মাটি দিয়ে ভরাট করে পানি ওঠানামা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে।
পানি উন্নয়ন বোর্ডের খুলনা জোনের প্রধান প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান ও বোর্ডের খুলনা সার্কেল সুপারেনডেন্ট মো. আবুল হোসেন গাবতলা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
অপরদিকে গাবতলায় কিছু অংশে বলেশ্বর নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। কয়েকটি নতুন পয়েন্টে বেড়িবাঁধে বড়ো ধরনের ফাটল ধরেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান জানান, সাউদখালীর গাবতলায় অবিলম্বে রিংবাঁধ নির্মাণের জন্য বাঁধ নির্মাণকারী ঠিকাদার কোম্পানিকে বলা হয়েছে এবং নতুন করে জমি অধিগ্রহণ হলে পূর্ণাঙ্গ বাঁধ নির্মাণ করা হবে।
