ঢাকা থেকে অপহূত ব্যবসায়ী গাইবান্ধায় উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫৩

গাইবান্ধা প্রতিনিধি

ঢাকা থেকে অপহূত ব্যবসায়ী সাদিকুর রহমানকে (৬৫) রবিবার রাতে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন ও সুমন মিয়া নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সাদিকুর রহমানের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে।

প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মুন্না বিশ্বাস জানান, গত ৫ জুলাই ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজলা প্রান্তের পাকা রাস্তার ওপর থেকে সাদিকুর রহমানকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার স্বজনদের কাছে দুই লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এই অভিযোগের ভিত্তিতে র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গোপন অনুসন্ধানে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর জুগীপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার ও ঐ দুজনকে গ্রেফতার করে। এএসপি মুন্না বিশ্বাস জানান, ব্যবসায়ী সাদিকুরকে কেন অপহরণ করা হয় এবং এ ঘটনায় আরো কারা জড়িত বিষয়টির তদন্ত অব্যাহত রয়েছে।