ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা উপজেলা হবে উন্নয়ন ও মূল্যায়নের ঘাঁটি। আগামী নির্বাচনে বাংলাদেশের মধ্যে ফরিদপুর-৪ আসনের তিন থানা থেকে নৌকায় সর্বোচ্চ ভোট উপহার দিব শেখ হাসিনাকে।
শনিবার (৬ জুলাই) বিকালে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুুগডোবা গ্রামের শিল্পপতি চুন্নু খান মিনুর বাড়ির চত্বরে জনসভায় এ কথা বলেন তিনি।
এমপি নিক্সন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ আমাকে ভালোবাসে। তাই তিন থানার মানুষ আমাকে নির্বাচিত করেছে। শেখ হাসিনাকে যারা ভালোবাসে, শেখ হাসিনার উন্নয়নকে যারা ভালোবাসে, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা ঐক্যবদ্ধ থাকলে কেউ প্রধানমন্ত্রীর ক্ষতি করতে পারবে না।
মিজানুর রহমান খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান কাউসার ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর মুন্সী, কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান হাওলাদার, তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান, কাওলীবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী রওমান রওশন কবির, নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর মাতব্বর, চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা, নুরুলাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, তুজারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস, কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটন মাতব্বরসহ অনেকে।

