আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ

বাবুল হত্যার প্রধান আসামি পৌর মেয়র আক্কাছের ৫ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২২:৩৩

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র আক্কাছের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে বাঘা থানা পুলিশ। 

শনিবার (৬ জুলাই) বাঘা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা সোহেব খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র জানান, শুক্রবার রাতে বাঘা পৌর মেয়র আক্কাছ আলীকে বাবুল হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সকালে তাকে রাজশাহীতে আনা হয়। সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে শুনানি না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

এ মামলার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর তদন্ত) সোহেব খান জানান, দ্রুতই বাবুল হত্যা মামলার শুনানি হবে।  রিমান্ডে আনার পর এ মামলার অনেক রহস্য উদ্‌ঘাটন হবে বলে আমি আশাবাদী।  

ডিবির পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর বাঘা থানায় করা একটি হত্যা মামলায় আক্কাছসহ ৫ জনকে গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগ। পরে তাদের রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দিকে আটক আক্কাছ আলীসহ অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। তবে মামলার নথি না থাকায় শনিবার রিমান্ড আবেদনের শুনানি হয়নি। পরে আদালত আসামিদের হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়র আক্কাছের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়। 

 

ইত্তেফাক/এসএ