বারকীপুর বেইলি ব্রিজ মেরামত হতে সাত দিন লাগবে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫৫

সিলেট অফিস

দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন সারী-গোয়াইনঘাট সড়কের খালে ভেঙে পড়া বারকীপুর বেইলি ব্রিজটি মেরামত হতে সাত দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ, সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া। রবিবার দুপুরে ব্রিজটি ভেঙে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খালে পড়ে যায়। এরপর থেকে এ সড়ক দিয়ে উপজেলা সদরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ, সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, সেতুটি সংস্কারে কাজ শুরু হচ্ছে। শেষ হতে সাত দিন সময় লাগতে পারে। তিনি বলেন, গোয়াইনঘাটের সঙ্গে সিলেটের যোগাযোগের একাধিক সড়ক রয়েছে। তাই যাত্রীদের খুব বেশি দুর্ভোগে পড়তে হবে না।

স্থানীয়রা জানান, এক সময় সিলেট শহর থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে একমাত্র সড়ক হিসেবে সারী-গোয়াইনঘাট সড়কটিই ব্যবহূত হতো। বর্তমানেও সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সারীঘাট হয়ে ওই সড়ক ধরে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রতিদিন যাত্রী ও মালবাহী বিভিন্ন ধরনের শত শত যানবাহন চলাচল করে। বারকীপুরের ওই বেইলি ব্রিজটি দীর্ঘদিন থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।