এক যুগ পর কোপা ব্রাজিলের

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫৫

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার করল স্বাগতিক ব্রাজিল। রবিবার রাতে প্রতিযোগিতাটির ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। দলের এমন সাফল্যের পেছনে কোচ তিতেকেই কারণ হিসেবে মানছেন ব্রাজিল অধিনায়ক দানি আলভেজ।

দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াইয়ের আগে ইতিহাস কথা বলছিল তিতের শিষ্যদের পক্ষেই। নিজেদের মাটিতে এর আগে চারবার কোপা আয়োজন করে যে কখনো খালি হাতে ফেরেনি দলটি! তবে ইতিহাসে তৃতীয়বারের মতো ফাইনালে আসা পেরুও এর আগে কখনোই ফাইনালে এসে শিরোপা ছাড়া ঘরে ফেরেনি। তাই মারাকানার ফাইনালের আগে বেশ সাবধানেই ছিল ব্রাজিল শিবির।

ব্রাজিল ম্যাচের দশম মিনিটে এভারটনের গোলে এগিয়ে গেলেও ৪৪ মিনিটে পাওলো গুয়েরেরোর পেনাল্টি থেকে সমতা ফেরায় পেরু। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে আবারও ব্রাজিলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসাস। ম্যাচের ৭০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসাস। ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি থেকে রিচার্লিসনের গোলে ম্যাচের সব অনিশ্চয়তা মিলিয়ে যায়। ফলে ২০০৭ সালের পর আবারও শিরোপা ঘরে তোলে ব্রাজিল।

প্রতিযোগিতাজুড়ে দারুণ নৈপুণ্যের পসরা সাজিয়ে বসা রাইটব্যাক দানি আলভেজের হাতে ওঠে টুর্নামেন্টসেরার পুরস্কার। বাকি পুরস্কারগুলোতেও ছিল স্বাগতিকদেরই আধিপত্য। পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করায় টুর্নামেন্টসেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন ব্রাজিলের অ্যালিসন বেকার। তিন গোল আর একটিতে জোগান দিয়ে গোল্ডেন বুট জেতেন এভারটন।

দলের এই সাফল্যের বেশিরভাগ কৃতিত্ব কোচ তিতেকেই দেন ব্রাজিল অধিনায়ক দানি আলভেজ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চল্লিশতম শিরোপা জয়ের পর ব্রাজিলীয় রাইটব্যাক বলেন, ‘তিতেই আমাদের জাহাজের ক্যাপ্টেন। আমাদের মানুষদের অভিনন্দন। আমি আবারো বলছি, আমাদের দলের সকল কর্মকর্তাকে অভিনন্দন।’

এদিকে ব্রাজিল কোচের কথাবার্তায় ঘুরেফিরে মেসি প্রসঙ্গ উঠে এলো। সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর ব্রাজিলের প্রতি রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তৃতীয় স্থান নির্ধারণীতে চিলির বিপক্ষে লাল কার্ড দেখার পর তো খোদ কনমেবলের উপরই দুর্নীতির অভিযোগ আনেন তিনি! তিতে এর জবাবে বলেন, ‘তাকে কিছু শ্রদ্ধা দেখাতে হবে। তাকে অবশ্যই বুঝতে হবে এবং তাকে পরাজয় মেনে নিতে হবে। আমরাও অনেকবার শিকার হয়েছি; এমনকি বিশ্বকাপেও। তাই সতর্ক থাকতে হবে। প্রত্যেকের নিজস্ব সমস্যা আছে এবং আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে।’

এই ম্যাচেও দুর্বল রেফারিংয়ের শিকার হয়েছে ব্রাজিল, অভিমত তিতের। ব্রাজিল কোচ বলেন, ‘আজও আমরা এমন কিছুর মধ্য দিয়ে গিয়েছি। আজ থিয়াগোরটা পেনাল্টি ছিল না। কিন্তু আমরা মাথা ঠান্ডা রেখে এগিয়ে গিয়েছি, এবং সম্মান দেখিয়েছি।’