‘জুজু’ কাটাতে চায় নিউজিল্যান্ড

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫৮

সেমিফাইনাল বরাবরই নিউজিল্যান্ড দলের জন্য একটা ভীতির নাম। নিজেদের ইতিহাসে সাতটা সেমিফাইনাল খেলেছে তারা। অথচ, সেই বাধা উের ফাইনাল খেলতে পেরেছে মাত্র একবার। সেটাও আবার গত আসরে, দেশের মাটিতে। এবার এই ফাইনাল খেলার সংখ্যাটা বাড়াতে চায় নিউজিল্যান্ড।

কোচ গ্যারি স্টিড এই চাপের কথাটা মাথায় রেখেছেন। তিনি অবশ্য চাপ মাথায় নিচ্ছেন না। তিনি দলকে নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়ার তাড়না দিলেন। বললেন, ‘আশা করি নিউজিল্যান্ডের মানুষ কেমন মানসিকতার অধিকারী সেটা এই ম্যাচটা থেকেই প্রমাণ হয়ে যাবে। ওরা হারের আগেই হেরে যেতে পারে না। যেকোনো পরিস্থিতিতে আমরা মাথা উঁচু রাখতে জানি। আর এই ম্যাচে তো আমাদের দ্বিতীয় সুযোগ যাবে।’

ম্যাচটায় আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে নিউজিল্যান্ড। কোচ স্টিড মনে করেন, এটা নিউজিল্যান্ডের জন্য ইতিবাচক ব্যাপার। বললেন, ‘আমার মতে কেউই মনে করছে না যে আমরা ম্যাচটা জিততে পারে। এটা আমাদের জন্য একটা ভালো অবস্থান। এর ফলে আমরা পুরো স্বাধীনতা নিয়ে খেলতে পারবো।’

সেমিফাইনালের এই জুজু কাটানোর মিশনে নিউজিল্যান্ডকে আজ বড় পরীক্ষার সামনেই পড়তে হবে। কারণ, প্রতিপক্ষ যে দুইবারের চ্যাম্পিয়ন ভারত।  আর ভারতের সামনে আবারো নিউজিল্যান্ডের বড় দুশ্চিন্তার নাম টপ অর্ডার ব্যাটিং। বিশেষ করে ওপেনার মার্টিন গাপটিল গোটা আসর জুড়েই ছিলেন নিষ্প্রভ।

কোচ গ্যারি স্টিড অবশ্য তারপরও আস্থা রাখছেন গাপটিলের ওপর। তিনি বলেন, ‘মার্টিন ওয়ানডে ক্রিকেটে অনেকগুলো সেঞ্চুরি পেয়েছে। ও আমাদের শীর্ষ ক্রিকেটারদের একজন। আমাদের কাজ হল ওকে নিয়ে চেষ্টা করা, ওর মনকে এমন অবস্থায় নিয়ে আসা যাতে করে মাঠে ও নিজেকে প্রকাশ করতে পারে। যদি, ও এই ম্যাচেই ১৫০’র মত রান করে ফেলতে পারে তাহলে ওকে নিয়ে আর কোনো কথাই আমাকে হয়তো বলতে হবে না।’

দু’দল আগে কখনোই সেমিফাইনালে মুখোমুখি হয়নি। এমনকি চলতি বিশ্বকাপেও দলের গ্রুপ পর্বের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। ফলে, নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের ব্যাপারে সরাসরি কোনো ধারণা ভারতীয় ব্যাটসম্যানদের হয়নি। কোচ মনে করেন ব্ল্যাক ক্যাপদের পেসার লোকি ফার্গুসন দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন।

তিনি বলেন, ‘আমি মনে করি লোকি (ফার্গুসন) তার নিজের খেলাটাই খেলবে। হ্যাঁ, ওর হ্যামস্ট্রিং নিয়ে ওকে ঘিরে একটু শঙ্কা আছে। তবে, ওর ব্যাপারে আমরা আশাবাদী। ওর শরীর এখন দারুণ। আশা করি ও খেলবে আর ম্যাচে পার্থক্য গড়ে দেবে।’

২৮ বছর বয়সী ফার্গুসন চলতি বিশ্বকাপে ১৭টি উইকেট পেয়েছেন। ব্যাটিংয়ে ব্যর্থতার পরও নিউজিল্যান্ড যে টুর্নামেন্টের শেষ চারে আসতে পেরেছে - সেটার অনেকটা কৃতিত্বই ফার্গুসনের। তার প্রশংসা করে কোচ গ্যারি স্টিড বলেন, ‘লোকি আমাদের জন্য দারুণ একটা ব্যাপার। এটা ওর প্রথম বিশ্বকাপ। কে জানতো, প্রথম বিশ্বকাপেই এমন দারুণভাবে নিজেকে ও মেলে ধরতে পারবে।’