নওগাঁয় ঋণের টাকার চাপে অপহরণের নাটক

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:০৭

নওগাঁর নিয়ামতপুরে ঋণের টাকার চাপে নগদ টাকাসহ নিজ গ্রামের রাস্তা থেকে তৈবুর মোল্লা ওরফে তোবু (৪০) নামে এক ব্যক্তি অপহরণের নাটক সাজিয়েছেন। থানা পুলিশের চেষ্টায় নিখোঁজের ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম শহর থেকে গোয়েন্দা পুলিশ তাকে উদ্ধার করে।

অপহরণের নাটক সাজানো ব্যক্তি হলেন, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া গ্রামের মৃত জেকের মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নিজ গ্রামের রাস্তা থেকে নগদ টাকা নিয়ে অপহরণের নাটক সাজিয়ে বাড়ি থেকে উধাও হয় তোবু। স্থানীয় ব্যক্তি ও পরিবারের সদস্যরা রাতে ও সকালে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। 

এদিকে থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ মাঠে নামলে ৭২ ঘণ্টার মধ্যে তোবুকে উদ্ধার করা হয়। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আল মাহমুদ বলেন, থানায় অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

ইত্তেফাক/জেডএইচ