কায়েসের কাছে হারল ইমরুলের দল

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:০১

আফগানিস্তানের এই ‘এ’ দলের তুলনায় বাংলাদেশ ‘এ’ দল অনেক অভিজ্ঞ ও তারকাখচিত। বাংলাদেশ দলে সাত জন খেলোয়াড় ছিলেন জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন। তারপরও নিজেদের মাটিতে আফগান ‘এ’ দলের সঙ্গে পারলো না ইমরুল কায়েসের দল। আফগানিস্তানের কায়েস আহমেদের দুরন্ত বোলিংয়ে হেরে গেলো স্বাগতিকরা।

গতকাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ৪ রানের লিড পেয়েছিলো আফগানিস্তান। বাংলাদেশ আগে ব্যাট করে ২৫৩ রানে অলআউট হয়েছিলো। এনামুল হক বিজয় ১২১ রানের ইনিংস খেলেছিলেন। জবাবে আফগানিস্তান ২৫৭ রান করে।

বাংলাদেশ ম্যাচ হেরে যায় মূলত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময়। মাত্র ১৭৫ রানে অলআউট হয় তারা। একমাত্র আফিফ হোসেন ধ্রুব ৪১ রানের ইনিংস খেলেন। কায়েস আহমেদ ৬৫ রানে ৭ উইকেট নেন। ফলে ১৭২ রানের লক্ষ্য দাঁড়ায় আফগানদের সামনে।

ইব্রাহিম জাদরানের অপরাজিত ৭৬ ও অধিনায়ক নাসির জামালের অপরাজিত ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।