কোটা আন্দোলন

সড়ক অবরোধ করে লুডু-ক্রিকেট খেলছেন শিক্ষার্থীরা 

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯:১৩

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল থেকে দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরুর পর রাজধানীর বিভিন্ন সড়ক কার্যত অচল হয়ে পড়েছে। অবরুদ্ধ বিভিন্ন সড়কে তাস, লুডু, ক্রিকেট ও ফুটবল খেলে সময় কাটাতে দেখা গেছে আন্দোলনকারীদের।

এ সময় শিক্ষার্থীরা কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি জানান। শিক্ষার্থীদের দাবি, সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে।

ক্রিকেট খেলে সময় পার করছেন শিক্ষার্থীরা

এর আগে সোমবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে লেকচার থিয়েটার ভবন, মাস্টার দা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, ভিসি চত্বর, টিএসসির রাজু ভাস্কর্য হয়ে বেলা ৪টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। মিছিলের আরেকটি অংশটি সড়ক অবরোধ করতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলামোটর মোড়ের দিকে চলে যায়। পেছনের অংশটি শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে ফার্মগেট মোড়েও অবস্থান নেন আন্দোলনকারীরা। রাস্তা অবরোধ করায় এই এলাকায় সবকিছু স্থবির হয়ে পড়ে। 

দাবি আদায়ে লুডু খেলে সময় পার করছেন শিক্ষার্থীরা

সেসব স্থানে গিয়ে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা ব্যাট-বল হাতে আলাদা আলাদা দলে ভাগ হয়ে কেউ শর্টপিচ, কেউ শর্টবার ফুটবল আবার কেউ কেউ সড়কে বসে লুডু খেলছেন। তাদের মাথায় বাঁধা কোটা বাতিলের স্লোগান, অনেকের পাশে রাখা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।

দাবি আদায়ে স্লোগানে দিয়ে সময় পার করছেন শিক্ষার্থীরা

এ সময় শিক্ষার্থীরা- একাত্তরের পথ ধরো বাংলা ব্লকেড সফল করো, ব্লকেড ব্লকেড বাংলা ব্লকেড, দফা এক দাবি এক কোটা নট কাম ব্যাক, সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, কোটা প্রথা বাতিল চাই বাতিল চাই, কোটা প্রথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কোটা না মেধা মেধা মেধা, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইত্তেফাক/এএইচপি