দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। সেইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। তবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ঈদের পর দেশের শেয়ার বাজার অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এ সময় ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বেড়েছে। ফলে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছে। এ কারণেই গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলেও প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫.৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৪.৬৩ পয়েন্টে উঠে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৫ পয়েন্টে আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪.৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫৯.৮৯ পয়েন্টে অবস্থান করছে। গতকাল ডিএসইতে ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯০৮ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২০ কোটি ২০ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো: সি পার্ল বিচ রিসোর্ট, ফারইস্ট নিটিংয়, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিচ হ্যাচারি, আফতাব অটোমোবাইল, স্যালভো কেমিক্যাল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২৭৮টি কোম্পানির মধ্যে ১৪৪টির দাম বেড়েছে। কমেছে ১১০টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮১ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৭৯ কোটি ৬২ লাখ টাকা।
