বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২। তবে নিচের দিকের দলগুলো খুব একটা ভালো করছে না। যার কারণে প্রতিদ্বন্দিতাপূর্ণ হচ্ছে না ক্রিকেটের অভিজাত এই সংস্করণ। তাই টেস্ট দলের সংখ্যা কমানোর পক্ষে মত দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।
রোববার (৭ জুলাই) লর্ডসে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব আয়োজিত বিশ্ব ক্রিকেট সংযোগ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা নানান মত তুলে ধরেছেন। সেখানে টেস্ট ক্রিকেটকে প্রতিদ্বন্দিতাপূর্ণ করার উপায় প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আপনার যখন মান থাকবে না তখন রেটিং পড়ে যাবে। খুব অল্প মানুষই দেখে, একদম অর্থহীন ক্রিকেট হয় অনেক সময়।’
টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমানোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন ১২টি টেস্ট দল আছে। এটাকে ছয়-সাত দলে নামিয়ে আনুন। উত্তরণ ও অবনমনের ব্যবস্থা চালু করুন। আপনার দুইটা স্তর থাকতে পারে। কিন্তু সেরা ছয় দল টেস্টের আবেদন ধরে রাখবে।’
