অল্প দূরত্বের পথ হেঁটে চলার অনুরোধ মেয়র সাঈদ খোকনের

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:১৭

রাজধানীর দু’টি সড়কে রিকশা বন্ধ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, যানজটের অন্যতম একটি কারণ রিকশা। পৃথিবীর কোনো শহরে আমাদের মতো এত বেশি রিকশা নেই। আমরা আপাতত দু’টি সড়কে রিকশা বন্ধ করেছি। আপনাদের কাছে অনুরোধ, অন্তত অল্প দূরত্ব হেঁটে চলুন, স্বাস্থ্য ভালো থাকবে। গতকাল সোমবার কাকরাইলে উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ডিএসসিসি আয়োজিত অ্যাডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আগামী ১৫ জুলাই থেকে ডিএসসিসির ৫৭ ওয়ার্ডে মেডিক্যাল টিম থাকার ঘোষণা দেন মেয়র।

মেয়র বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের একটু সচেতনতা আমাদের পরিবার ও শহরকে অনেক ভালো রাখতে পারে। আমরা ডিএসসিসির মেয়র, কাউন্সিলরগণ সবাই পাশে আছি। ডেঙ্গু বিষয়ে সচেতনতা এবং করপোরেশনের কর্মকাণ্ড এ দুইয়ের সম্মিলন ঘটলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল হোসেন, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান টিটু, ডিএসসিসির ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ১৯ ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল প্রমুখ।