মাদারীপুরের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেছেন, সবার সহযোগিতায় মাদক ও সন্ত্রাসমুক্ত শান্তির জেলা গড়তে সব ধরণের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে বিশেষ করে সংবাদকর্মীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে।তাছাড়া দায়িত্বশীলতার সাথে পুলিশকে এসব বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা করতে হবে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
নবাগত পুলিশ সুপার বলেন, প্রতিটি থানায় স্মার্ট পুলিশিং সেবা প্রদান, কিশোর গ্যাং দমন, জুয়া-চুরি রোধ এবং জেলার চরাঞ্চলসহ সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেয়া হবে।এছাড়া সবার মতামত নিয়ে শান্তির জেলা প্রতিষ্ঠায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। পরে সাংবাদিকরা মাদারীপুর জেলার নানা সমস্যা ও সম্ভবনার বিষয় তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসানসহ আরো অনেকেই ।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান সোমবার (৮ জুলাই) মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন। তিনি এর আগে পুলিশের বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন) ঢাকায় কর্মরত ছিলেন।
