চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৫

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:২৪

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। দুর্ঘটনাগুলো ঘটেছে মাদারীপুর, নাটোর, পাবনা এবং বাগেরহাটে। নিহতদের মধ্যে পাঁচজন মোটরসাইকেল আরোহী। ইত্তেফাকের সংশ্লিষ্ট এলাকার সংবাদদাতাদের পাঠানো খবর।

মাদারীপুরের কালকিনিতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো একজন। রবিবার গভীর রাতে উপজেলার ডাসার থানার বয়াতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালকিনির পশ্চিম খান্দুলীর গ্রামের ফজর আলীর ছেলে সাগর হোসেন (২৭) ও বরগুনা জেলার কালাইচর এলাকার খায়রুল আলমের ছেলে শাহাজাদা (২৫)।

অন্যদিকে, নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবি হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় বাসের চালক ও হেলপার আহত হন। গতকাল সোমবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহসেনপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

তৃতীয় সড়ক দুর্ঘটনা ঘটে গতকাল পাবনার সুজানগরে। এদিন পাবনা-নগরবাড়ী মহাসড়কের সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহীম নামক স্থানে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন সুজানগরের তেবিলা গ্রামের সাজাই শেখের ছেলে রফিকুল ইসলাম (৩০), বিরাহীমপুর গ্রামের রমজান আলীর ছেলে মোক্তার হোসেন (২৮) ও সাঁথিয়া উপজেলার আত্রাই গ্রামের দুলাল খানের ছেলে ইশা খান (৩০)।

এছাড়া বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে বিশ্বরোড মোড়ে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল ও ইজি বাইকের সঙ্গে সংঘর্ষ হলে দুইজন নিহত হয়। সোমবার সকালে আট্টাকী বিশ্বরোডের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই বাইসাইকেল চালক ফকিরহাট আট্টাকী ঝুটো তলা এলাকার হোসেন শেখের ছেলে রাব্বি (১৮) নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের যাত্রী সৈয়দ মহল্লা গ্রামের মোহাম্মদের পুত্র জাহাঙ্গীরকে (৪৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।