কোটাবিরোধী আন্দোলন 

শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২:৩৩

কোটা পুনর্বহালের প্রতিবাদে 'বাংলা ব্লকডের' সঙ্গে সংহতি জানিয়ে ফের আগারগাঁও মোড় অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। এতে মিরপুর-ফার্মগেট ও মহাখালী-শিশুমেলা সড়ক যান চলাচল বন্ধ থাকায় দুই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক ও পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে আগারগাঁও মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ শুরু করেন।

অবরোধের সময় শিক্ষার্থীরা,‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা-বাংলায় খবর দে,কোটা প্রথার কবর দে’ এরকম বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 'আমাদের আজকের কর্মসূচিতে এক দফা এক দাবি। সরকারি চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ সবকিছুতে সকল ধরণের বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাস করতে হবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে।'

যানজটের কারণে অনেকে যাত্রীরা হেঁটে যাচ্ছেন। একাধিক যাত্রীরা জানিয়েছেন, 'আন্দোলনে আমাদের দুর্ভোগ হলেও আমরা আন্দোলনকে সমর্থন করি। চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কার করা উচিত'।

আন্দোলনরত শিক্ষার্থীরা আজকে সারাদিন সড়ক অবরোধ করে রাখার কথা জানিয়েছেন।

ইত্তেফাক/এআই