চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় আকরাম হোসেন নামে এক চোরাকারবারির শরীর তল্লাশি করে ৮টি স্বর্ণবার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। আজ বুধবার দুপুর ১ টার দিকে থানার ঠাকুরপুর বাগানপাড়া এলাকা থেকে ওই চোরাকারবারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
এদিন বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালান করা হবে এমন গোয়েন্দা তথ্য ছিল। এর ভিত্তিতে ঠাকুরপুর বাগানপাড়ার একটি বটগাছের নিচে অবস্থান নেন বিজিবি সদস্যরা। দুপুর সাড়ে ১২ দিকে ঐ এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে থামতে বললে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় টহল দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের সঙ্গে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেটে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, আটক ব্যক্তিকে আসামি করে দর্শনা থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
