নুসরাতের ছোটো ভাইয়ের জবানবন্দি রেকর্ড

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:২৯

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নুসরাতের ছোটো ভাই রাশেদুল হাসানের (রায়হান) জবানবন্দি ও আসামিপক্ষের জেরা গ্রহণ শেষ হয়েছে। গতকাল সোমবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মামুনুর রশিদের আদালতে নবম সাক্ষী রাশেদুল হাসানের জবানবন্দি রেকর্ড করা হয়।

১৬ জন আসামির উপস্থিতিতে তাদের পক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। বিকাল ৫টা পর্যন্ত জেরা শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ দুই সাক্ষী মো. জহিরুল ইসলাম ও মো. বেলায়েত হোসেনের সাক্ষ্য ও জেরা করার দিন-তারিখ ধার্য করে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। আদালত চলাকালে চার্জশিটভুক্ত ১৬ আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে নুসরাতের যৌন হয়রানির মামলাটি আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ওঠানো হবে। গত ৩ জুলাই পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুারো (পিআইবি) পরিদর্শক ও নুসরাত হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা শাহ্আলম ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে একমাত্র আসামি করে ১৯ জন সাক্ষীর নাম উল্লেখ করে চার্জশিট জমা দেন। ৪ জুলাই বিচারিক আদালতের হাকিম মামলাটি শুনানি শেষে ৯ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠান। আদালত সূত্র জানায়, আজ মঙ্গলবার মামলাটি মামুনুর রশিদের বিচারিক ট্রাইব্যুনালে আমলে নিয়ে শুনানি করবেন।