বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আরও একজন আসামি গ্রেফতার হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহূত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বরগুনা সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়। এই রামদা দিয়েই রিফাত ফরাজী প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়েছে। রিফাত ফরাজী বর্তমানে আটক রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, সোমবার সকালে রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে তার দেখানো ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিয়ান শ্রাবণ নামে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ।
এ নিয়ে এই মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
এদিকে এজাহারভুক্ত তিনজনসহ ছয়জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। বাকি চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
