ইরান কখনো পরমাণু অস্ত্রের মালিক হবে না :ট্রাম্প

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনো পরমাণু অস্ত্রের মালিক হবে না। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে তেহরান জানিয়েছিল, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মজুতের সীমা ছাড়িয়েছে। খবর সিএনএনের

স্থানীয় সময় রবিবার নিউ জার্সির উদ্দেশে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাড়ানোর কারণ আমি জানি। কিন্তু সেটা দেশটির জন্য ভালো হবে না। বরং তাদের উচিত সতর্ক হওয়া, এই পদক্ষেপ থেকে দূরে থাকা। তিনি বলেন, ইরান অনেক খারাপ কাজ করছে। তারা যে পথে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়ার চেষ্টা করছে তা কখনো হবে না। রবিবার ইরানের আণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানান, তাঁর দেশ ইউরেনিয়াম মুজতের মাত্রা ৩ দশমিক ৬৭ ভাগ ছাড়িয়েছে। সোমবার এই সীমা ৪ দশমিক ৫ ভাগ অতিক্রম করে। ২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি করে। কিন্তু চুক্তি ভঙ্গের অভিযোগে গত বছর যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে দাঁড়ায়। এরপর দেশটির ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। যদিও অন্যান্য দেশ চুক্তিতে অনড় রয়েছে। তবে ইরান বলছে, অন্যান্য অংশীদাররা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারাও চুক্তির লঙ্ঘন ঘটাবেন।