ভারতের ব্যাটিং বনাম নিউজিল্যান্ডের বোলিং

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৩৬

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দুইবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে ২০১৫ এর রানার্স আপ নিউজিল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ পর্যায়ে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বিরাট কোহলির দল। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে সমান অবস্থানে থাকলেও রান রেটে এগিয়ে থাকার সুবাদে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট পেয়েছে কিউইরা। এই সেমিফাইনালটিকে বলা হচ্ছে দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে নিউজিল্যান্ডের গতিশীল বোলারদের লড়াই।

এবারের বিশ্বকাপে এটাই দুই দলের প্রথম সাক্ষাত্। লিগ পর্বে দুই দলের নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ওল্ড ট্রাফোর্ডে আজ শেষ হাসি হেসে দুই দলই চাইবে ফাইনালে উঠতে। বিরাট কোহলির নেতৃত্বে ভারত তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে চায়। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বসেরার মুকুট জিততে চায় কেন উইলিয়ামসনের দল। দুই দল এ পর্যন্ত ১০৬টি ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৫৫টিতে, নিউজিল্যান্ড ৪৫টি। একটি ম্যাচ টাই হয়েছে। বাকি পাঁচটিতে কোনো ফলাফল হয়নি।

বিশ্বকাপে ভারতীয় টিমে একাধিক ইনজুরি সমস্যা থাকলেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, মহেন্দ্র সিং ধোনী। পাঁচ সেঞ্চুরি ও এক ফিফটিতে রোহিত শর্মা এই বিশ্বকাপে এখনো পর্যন্ত করেছেন ৬৪৭ রান। পাঁচ ফিফটিতে ৪৪২ রান করে দলের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান অধিনায়ক কোহলি নিজেই। কে এল রাহুল শেষ দুই ম্যাচে যথাক্রমে ৭৭ (বাংলাদেশ) ও ১১১ (শ্রীলঙ্কা) করেছেন। অন্যদিকে, বুমরার নেতৃত্বে ভারতীয় বোলাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের তটস্থ করে রাখছেন। এ পর্যন্ত বুমরা ১৭ উইকেট, মোহাম্মদ শামি ১৪ উইকেট এবং যুবেন্দ্র চাহাল ১১ উইকেট নিয়েছেন।

প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে জয়ী হয়ে এবারের বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল নিউজিল্যান্ড। এর মধ্যে ভারতের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে পরের তিন ম্যাচে টানা পরাজয়ে সেমিফাইনালে ওঠা নিয়ে কিছুটা অনিশ্চয়তায় পড়ে দলটি। শেষ পর্যন্ত রানরেটে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তানকে টপকে শেষ চারের টিকিট পায় নিউজিল্যান্ড। তাদের ওপেনার মার্টিন গাপটিল এখনো নামের প্রতি সুবিচার করতে না পারলেও ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যের পরিচয় দিচ্ছেন কেন উইলিয়ামসন (৪৮১ রান), রস টেলর (২৬১ রান) ও জেমস নিশম (২০১ রান)। অন্যদিকে লোকি ফারগুসন (১৭ উইকেট), ট্রেন্ট বোল্ট (১৫ উইকেট), জেমস নিশম (১১ উইকেট) ও ম্যাট হেনরির (১০ উইকেট) মতো পেস বোলাররা যে কোনো দলের ব্যাটিং লাইন আপে আতঙ্ক ছড়াতে সক্ষম।

বিশ্বকাপ মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। ঐ ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। তবে টিম কম্বিনেশন ও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় আজকের ম্যাচে ফেবারিট হিসেবে খেলবে বিরাট কোহলির দল। তবে কেন উইলিয়ামসনের দূরদর্শী নেতৃত্বের ওপর নির্ভর করে আজ দিনটা হতে পারে নিউজিল্যান্ডেরও।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বড়ো ফ্যাক্টর হতে পারে টস। ট্রেন্ট ব্রিজে এই বিশ্বকাপের গত পাঁচ ম্যাচেই জিতেছে আগে ব্যাটিং করা দল। সে কারণে টস জয়ী অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেবেন বলেই ধরে নেওয়া যায়। আজ ট্রেন্ট ব্রিজে হালকা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি বাগড়ায় ম্যাচ বাতিল হওয়ার আশঙ্কা নেই।