ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি পলাশকে গ্রেপ্তার করতে হালিমার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করলে হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় ৯ পুলিশ সদস্য আহত হন। এর এক পর্যায়ে পলাশ পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আরও পুলিশ আসে। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ২ জন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি রয়েছে। তারা হলেন ইয়াছিন ও মিনার।
ওসি জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আহত ৯ জন পুলিশ সদস্যের মধ্যে ৪ জন হাসপাতালে রয়েছেন।
