গৌরিপুরে আলাউদ্দিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৪৯

জমির ধান কাটা বিরোধে ময়মনসিংহের গৌরিপুরের সিধলার টেংগুরিপাড়ায় আলাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো একই এলাকার খোরশেদের ছেলে কালা চান (৫৫), মৃত আ. সামাদের তিন ছেলে রুহুল আমীন (৫৭), নূরুল হক (৫৫), মনজুরুল হক (৫২) ও নাসির উদ্দিনের ছেলে নবী হোসেন (৫৫)। গতকাল সোমবার বিকালে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ আদেশ দেন।

মামলার বিবরণে প্রকাশ, ২০০২ সালে ১৭ নভেম্বর সকালে গৌরিপুরের সিধলা ইউনিয়নের টেংগুরিপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে মৃত আ. ছাত্তারের ছেলে আলাউদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করে আসামিরা। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। ঘটনার দুদিন পর গৌরিপুর থানায় নিহতের বড়ো ভাই নূরুল আমীন মামলা করলে পুলিশ ঘটনা তদন্তে নয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।

বিচার প্রক্রিয়া ও শুনানি শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং আদালত তাদের দণ্ড প্রদান করে। বাকিদের বিরুদ্ধে কোনো তথ্য-উপাত্ত প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেন বিচারক।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রেজাউল করিম খান দুলাল ও আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহমান আল হোসেন তাজ মামলা পরিচালনায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও পর্যালোচনা শেষে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।