দৌলতপুরে ছেলের বউয়ের হাতে শাশুড়ি রবেজান খাতুন (৬৫) খুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বটতলা শ্মশান ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক গৃহবধূ রিনা খাতুন, তার ছেলে সজল ও রিনার পালক ছেলে সজিবকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবেজান খাতুন তার মালয়েশিয়া প্রবাসী ছেলে মন্টু বিশ্বাসের স্ত্রী রিনা খাতুন এবং তার দুই ছেলে সজিব ও সজলসহ কল্যাণপুর বটতলা শ্মশান ঘাটপাড়া এলাকায় বসবাস করতেন। পারিবারিক বিরোধ নিয়ে মাঝে মধ্যেই পুত্রবধূ রিনা খাতুনের সঙ্গে শাশুড়ি রবেজান খাতুনের ঝগড়া বিবাধ লেগেই থাকত। এরই জের ধরে সোমবার শাশুড়ি রবেজান খাতুন ও পুত্রবধূ রিনা খাতুনের সঙ্গে ঝগড়া বাধলে কথা-কাটাকাটির একপর্যায়ে রিনা খাতুন ক্ষুব্ধ হয়ে শাশুড়ি রবেজান খাতুনকে ধাক্কা দিলে তিনি মাটিতে ছিটকে পড়ে মারা যান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূ রিনা খাতুন, তার ছেলে সজল ও রিনার পালিত ছেলে সজিবকে আটক করে।
দৌলতপুর থানার ওসি আজম খাঁন বলেন, মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
