যুবলীগের দুই নেতা হত্যা মামলায় সাবেক এমপি রানার জামিন বহাল

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৫০

টাঙ্গাইলের যুবলীগের দুই নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এর ফলে রানার কারামুক্তিতে আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় রানার জামিন বহাল রাখে সর্বোচ্চ আদালত। আদালতে রানার পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন টাঙ্গাইল শহরে গিয়ে নিখোঁজ হন। পরদিন শামীমের মা আছিয়া খাতুন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ঘটনায় ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এদের জবানবন্দিতে যুবলীগের দুই নেতা হত্যার সঙ্গে আমানুরের সম্পৃক্ততা পাওয়া যায়। এরপরই পুলিশ তাকে গ্রেফতার দেখায়। গত ১৯ জুন হাইকোর্ট রানাকে স্থায়ী জামিন দেয়। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। গতকাল আপিল বিভাগ তা খারিজ করে দেয়।