গণপূর্ত মন্ত্রীর ভাগনে পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৫০

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাগনে পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নজরুল ইসলাম (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার পুলিশ শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে। পরে নাজিরপুর থানার পুলিশ তার বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে।

নজরুল খুলনা মহানগরীর লবণচরা থানার উত্তর হরিণটানা গ্রামের মৃত আব্দুস সত্তার বেপারীর ছেলে। নাজিরপুর থানার ওসি মো. জাকারিয়া হোসেন জানান, নজরুল উপজেলার শ্রীরামকাঠী বন্দরের মাদ্রাসার শিক্ষক মাওলানা মশিউর রহমান ও তার স্ত্রীকে সরকারিভাবে হজ পালন করিয়ে দেওয়ার কথা বলে পাসপোর্ট খরচ বাবদ ১৪ হাজার টাকা নেয়। জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। গত রবিবার রাতে পিরোজপুর শহরের একটি আবাসিক হোটেলে বসে সদর উপজেলার খলিসাখালী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রব খানের কাছ থেকে টাকা নেয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে মারধর করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে নাজিরপুর থানায় পাঠানো হলে শ্রীরামকাঠী বন্দরের মাদ্রাসা শিক্ষক মাওলানা মশিউর রহমান প্রতারণার অভিযোগে তার নামে ঐ থানায় একটি মামলা দায়ের করেন।