ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন এই লেক উন্নয়নের প্রকল্প দুইশো কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
শনিবার (১৩ জুলাই) দুপুরে টেপাখোলা লেক সংলগ্ন মাঠে এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান শহিদুল হাসান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, স্বপ্নের পদ্মা সেতু আজ শুধু সেতুই নয়, এই পদ্মা সেতু আজ প্রতিবাদের ভাষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে সারা পৃথিবীর মোড়লদের সামনে প্রমাণ করে দিয়েছেন যে, বিশ্ব মোড়লের ধার এই বাঙালি জাতি কখনোই ধারে না, কখনো ধারবেও না। এই স্বপ্নের পদ্মা সেতু আজ বাঙালি জাতির উন্নয়নের প্রতীক।
এ সময় মন্ত্রী আরও বলেন, ফরিদপুরবাসীর স্বপ্ন পূরণের রাস্তা সুগম হবে খুব দ্রুতই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই টেপাখোলা লেককে কেন্দ্র করেই গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন জানান, লেকের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে যেমন দেখার মত হবে, ঠিক তেমনি দেখার মত হয়েছে আজকের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান। এর আগে এভাবে এক মঞ্চে ফরিদপুরের ৪ এমপি, সংরক্ষিত আসনের এমপিসহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে দেখা যায়নি।
