এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না সামির  

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০১:২৪

ফেনীতে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় রবিউল হাসান সামি (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার (১৪ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিক্ষার্থী শর্শদি ইউনিয়নের চোসনা এলাকার সেলিম হোসেনের ছোট ছেলে। তিনি ফেনীর সরকারি টেকনিক্যাল স্কুল আ্যন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার শহরতলীর শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে পরীক্ষা শেষে বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন সামি। পথে বাসটি ফতেহপুর এলাকায় ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন সামি। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।  

নিহতের বন্ধু মইনুল হোসেন জানান, গতকাল রাতেও আমরা একসাথে ছিলাম। সকালে পরীক্ষা দিতে যাই। পরীক্ষা শেষে বাড়ি ফিরে শুনি, সামি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছি না।

ফেনী মহিপাল হাইওয়ে থানার কনস্টেবল ওমর ফারুক বলেন, যাত্রীরা জানিয়েছে বাসটি হেলপার চালাচ্ছিল। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইত্তেফাক/এসএ