ধর্ষণের বিচারে নতুন আইন চান জাসদের শিরীন আক্তার

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০০:৩০

ধর্ষণের বিচারে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার। গতকাল সোমবার সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের একটি নোটিশের ওপর রাখা বক্তব্যে তিনি এই দাবি জানান।

সাম্প্রতিক সময়ে আলোচিত শিশু ধর্ষণের ঘটনা তুলে ধরে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে শিরীন আক্তার বলেন, ‘ছয় মাসে ৬৯৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ এই রকম একটি অবস্থায় আমাদের সমাজ কোথায় আছে, আমরা কোথায় আছি? আমরা আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে সুশাসনের কথা বলছি। আমরা যখন এদিকে এগিয়ে যাচ্ছি, তখন সমাজে কেন এত অধঃপতন? আমাদের অবশ্যই তা বের করতে হবে। তিনি বলেন, অবশ্যই একটি আইন নতুন করা দরকার, যাতে দৃষ্টান্তমূলকভাবে এই নরপিশাচদের বিচার করা যায়। বিচারের নামে দীর্ঘসূত্রতা করা যাবে না।’