হিজবুল মুজাহিদীন নেতা বুরহান ওয়ানির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কাশ্মিরে গতকাল সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। ভারত বুরহান ওয়ানিকে একজন জঙ্গি নেতা বলে মনে করে। গতকাল বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর মধ্যেও কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ২০১৬ সালের ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বুরহান ওয়ানি নিহত হন। এদিকে কাশ্মির নিয়ে জাতিসংঘের রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনাবাহিনী নীপিড়ন নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল জাতিসংঘের মানবাধিকার শাখা। দিল্লির পক্ষে আগেই তা খারিজ করা হয়েছিল। এবার কূটনৈতিক স্তরে সরাসরি প্রতিবাদ জানিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনে বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার। -ইন্ডিয়া টুডে
