ক্রিকেটার সাকিব আল হাসানের সংসদীয় এলাকা মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় গ্রুপের ১০ জন। এ ছাড়াও ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম নামক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা ও আওয়ামী লীগ নেতা ইউসুফ মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লার সমর্থক আলাউদ্দিন মেম্বারের লোকজন অপর গ্রুপের জাহিদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় নজরুল ইসলাম (৪৫), সবুর খাঁন (৩৪), মজিদ শেখ (৬৫), হানিফসহ (৪৪) ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ নবুয়াত ও রিফাত নামে দু’জনকে আটক করে।
শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, আধিপত্য নিয়ে নবগ্রামে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
