আজ প্রথম সেমিফাইনাল

‘রহস্য’ দেখে না ভারত

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৪:৩০

গ্রুপ পর্বে দু’দলের ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল বলে এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের ব্যাপারে কাগজে কলমে কোনো অভিজ্ঞতা নেই ভারতের। তবে, বিরাট কোহলির দল মনে করছে সেমিফাইনালে নিউজিল্যান্ড তাদের সামনে রহস্যময় কোনো কিছু হয়ে উঠতে পারবে না।

ভারতের এই আত্মবিশ্বাসের খুব সহজ ব্যাখ্যাও আছে। চলতি বিশ্বকাপের আগেই ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ভারত ছয় উইকেটের বড় জয় পেয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। এর আগে নিউজিল্যান্ডের মাটিতেই ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল ভারত। এসব কারণেই সেমিফাইনালের আগে নিউজিল্যান্ডকে তুলনামূলক ‘সহজ’ প্রতিপক্ষ হিসেবেই দেখছেন ভারতের সহকারী কোচ সঞ্জয় ব্যাঙ্গার।

তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে কোনো দুশ্চিন্তা দেখছেন না। ওল্ড ট্র্যাফোর্ডে আজ প্রথম সেমিফাইনালে আগে তিনি বলেন, ‘খুব বেশি আগের কথা নয়, আমরা নিউজিল্যান্ডের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে জিতেছি। আমরা জানি ওরা কি করতে পারে।’

ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত। ব্যাঙ্গার বললেন, ‘আমাদের কেবল গিয়ে সেমিফাইনালটা খেলতে হবে। নিজেরা গোটা টুর্নামেন্টে যা করেছিল, সেটা করতে পারলেই হলো। প্রতিপক্ষ এখানে খুব বড় ব্যাপার নয়।’

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে করেছেন পাঁচটা সেঞ্চুরি। সেজন্যই কি না গোটা আসরজুরে ভারতের মিডল অর্ডার খুব একটা বড় পরীক্ষার মুখোমুখি হয়নি। কিংবা বলা যায়, চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তাতে ম্যাচের ফলাফলে খুব একটা প্রভাব ফেলেনি।

যদিও, সঞ্জয় ব্যাঙ্গার এই বক্তব্যের সাথে একমত নন। সাবেক এই টেস্ট অলরাউন্ডার বলেন, ‘না, আমি এভাবে ভাবি না। এটা সত্যি যে আমাদের মিডল অর্ডারকে কেবল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া লম্বা সময় ধরে ব্যাটিং করতে হয়নি। তবে, হার্দিক (পান্ডিয়া) ভূমিকা রাখছে, মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভালো করছে, এমনকি ঋশাভও (পান্ত) ভালো কয়েকটা ইনিংস খেলেছে।’

বরাবরের মতো আজো ভারতের মূল ভরসা হতে যাচ্ছেন পেসার জসপ্রিত বুমরাহ। আট ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন তিনি। সেমিফাইনালেও উইকেটের জন্য তার দিকেই তাকিয়ে থাকবেন বিরাট কোহলি। যদিও, ব্যাঙ্গার কেবল বুমরাহ নয়, গোটা বোলিং বিভাগের ওপরই ভরসা রাখছেন।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ একটা টুর্নামেন্ট। মোটামুটি সবাই রান পাচ্ছেন। বোলিং বিভাগের প্রতিটা মানুষই এখানে নিজেদের কার্যকর বলে প্রমাণ করেছেন। তারা নিয়মিত উইকেট পাচ্ছেন। কেউ এখানে কারো চেয়ে কম নয়।’

তবে, সমস্যা হলো ভারত এবার পাঁচ বোলার নিয়ে খেলছে। ফলে, কোনো বোলার ব্যর্থ হলে অধিনায়কের কাছে বাড়তি কোনো বিকল্প থাকছে না। এটা কি সেমিফাইনালে ভাবিয়ে তুলতে পারে দু’বারের চ্যাম্পিয়নদের?—এই প্রশ্নের জবাবেও ব্যাঙ্গার আশাবাদী।

বললেন, ‘আমরা এভাবে ভাবি না। এখানে আসলে সবাই নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন। এটা দলের জন্য একটা ভালো ব্যাপার।’

ইত্তেফাক/এএম