কোটা আন্দোলন

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ 

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৭:২২

কোটা সংস্কারের দাবিতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করলে দুপুর ১২টার পর তাদেরকে বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। উভয়পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় বরিশাল নগরী।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা টায়ারে অগ্নিসংযোগ করে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বলে। তারা সড়ক না ছাড়লে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে। 

শিক্ষার্থী জানান,তারা যৌক্তিক দাবি তুলে আন্দোলন করছে। সেখানে তাদের উপর হামলা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান থাকায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

ইত্তেফাক/এসএ