কোটা আন্দোলন

ফেনীতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পুলিশসহ আহত ২০

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৮:১৫

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা স্থানীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে। সেখানে আগে থেকে ওৎ-পেতে থাকা ছাত্রলীগের কর্মীরা লাঠি, হকিস্টিক, বাঁশ নিয়ে তাদের অতর্কিত হামলা করে। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দিতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাংক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন। সেখান থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাংক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগ কর্মীরা।

সাজ্জাদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, আমরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শহরে প্রবেশের চেষ্টা করি। ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে আমাদের বাধা দেয় এবং গালিগালাজ ও মারধরের হুমকি দেয়। পরে প্রতিবাদ মিছিল নিয়ে দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, কে কার ওপর কী জন্য আক্রমণ করেছেন, আমরা এখনো স্পষ্ট নই। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/জেডএইচডি