কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক গাড়ি। আগুন থেকে বাঁচতে ভবনটিতে অবস্থানরত কর্মকর্তা–কর্মচারীদের অনেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় গাড়িতে আগুন দেওয়া হয়। পরে আগুন ভবনে ছড়িয়ে পড়ে। সড়কে অবরোধের কারণে সেখানে যেতে পারেনি ফায়ার সার্ভিস।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন প্রোগ্রামার গণমাধ্যমকে বলেন, ‘আগুনে আমাদের ভবনের সামনে ও সড়কে ৫০টির মতো গাড়ি পুড়েছে। ভবন থেকে বের হতে গিয়ে এবং লাফিয়ে পড়ে কর্মকর্তা–কর্মচারীদের অনেকে আহত হয়েছে।’
জানা যায়, মহাখালীর আমতলী মোড় থেকে বীর উত্তম একে খন্দকার সড়কে আন্দোলনকারী একদল যুবক লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। তারা তিতুমীর কলেজের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে ইটপাটকেল ছোঁড়ার পাশাপাশি সড়কে এবং ভবনটির প্রবেশপথের সামনে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করে। এক পর্যায়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পাশে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। আধঘণ্টা জ্বলার পর আগুন ওই ভবনেও ছড়িয়ে পড়ে।
