৩ নম্বর সতর্কতা সংকেত 

সাগরে লঘুচাপ: পুরো মাস থাকবে বর্ষার আবহ

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৫:৩০

শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। রাজধানীসহ কোথাও কোথাও থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আর সক্রিয় মৌসুমি বায়ুর বিস্তৃতিতে ছয় বিভাগের আকাশ ছেয়ে আছে সজল সঘন মেঘমালা। দেশ জুড়ে গত তিন দিন বেড়েছে বৃষ্টির মাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, শ্রাবণধারা ফিরেছে আপন মহিমায়। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে অতিভারী বর্ষণ চলছে। 

গতকাল কক্সবাজার, খুলনা, বরিশালে ভারী বর্ষণ হয়েছে। কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে ৭৫ মিলিমিটার বৃষ্টি। গতকাল রাজধানী ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে কয়েক দফা ছন্নছাড়ার মতো থেমে থেমে বর্ষণ হয়েছে।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ও আবহাওয়ার সিনিয়র বিশ্লেষক ড. আবুল কালাম মল্লিক ইত্তেফাককে জানান, আজ এবং কাল খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এই দুই দিন বৃষ্টিপাত তীব্র আকার ধারণ করতে পারে। পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। 

তিনি বলেন, বৃহস্পতিবারের পর কমতে পারে বৃষ্টির তীব্রতা। তবে এমাস জুড়েই কম-বেশি বৃষ্টি থাকবে সারা দেশে। অনুভূত গরমও থাকবে। তিনি বলেন, বর্তমানে ভরা বৃষ্টির মৌসুম। মৌসুমি বায়ু ক্রমাগত সক্রিয় হবে। বছরের এই জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষণ হবে। বৃষ্টি থাকবে সেপ্টেম্বরের শেষভাগ পর্যন্ত। 

ড. আবুল কালাম মল্লিক জানান, একটি লঘুচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল। বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দেশের চট্টগ্রাম, মোংলাসহ চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি তাদের পূর্বাভাসে জানিয়েছে, চলতি জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

ইত্তেফাক/এমএএম