সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশক্তি দিয়ে নাশকতাকারীদের চিহ্নিত করবো

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৫:২৮

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব কারফিউ তুলে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আজ বুধবার সচিবালয়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের কাছে সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সর্বশক্তি দিয়ে তাদের একের পর এক চিহ্নিত করবো। তাদের আইনের মুখোমুখি করবো। এটা থেকে আমরা এক পাও সরে দাঁড়াবো না।

তিনি বলেন, আমরা বাধ্য হয়ে কারফিউ জারি করেছি। আমরা সেনাবাহিনীকে ডেকেছি। তারা সহযোগিতা করছে। এই জঙ্গি ও সন্ত্রাসীদের উত্থান, বিএনপির জামাতের চক্রান্ত এরই মধ্যে আমরা কন্ট্রোল করে নিয়ে এসেছি। আমরা আগামী দু-চার দিনের মধ্যে আশা করি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো। কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না।

পরবর্তী পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, সেনাবাহিনীর কাজ শেষ হলে, দেশের পরিবেশ যখন ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে। কারফিউ প্রত্যাহার হবে এবং জনজীবন আবারো স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য কাজ করছি।

ইত্তেফাক/জেডএইচডি