রংপুরে নাশকতা, সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে পুলিশের করা মামলায় মহানগর এলাকা থেকে এক কমিশনারসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ৬ দিনে গ্রেপ্তার হলো মোট ১২০ জন।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১২ নম্বর ওয়ার্ড কমিশনার মকবুল হোসেন, মাহিগঞ্জ থানা জামায়াতের আমীর আজিজুল ইসলামসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান আওয়ামী লীগের মহানগর অফিসে আগুন ও ভাংচুরের ঘটনায় আবুল কাশেম এবং জেলা অফিসে ভাংচুরের ঘটনায় জিনাস হোসেন লাবলু বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। দুটি মামলাতেই ৩৬ জনের নাম উল্লেখ করে ৫ শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে।
অন্যদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, মঙ্গলবার রাতে সদর কোতোয়ালী ও পীরগাছা থেকে ২ জন বিএনপি এবং কাউনিয়া থেকে ১ জন জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, দুষ্কৃতিকারীরা চিহ্নিত হয়েছে। নিরপরাধ কাউকেই হয়রানি করা হবে না।
