প্যারিস অলিম্পিকে হামলার হুমকি, দুই সন্দেহভাজন তরুণ আটক 

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৩:০৫

'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক গেমসের ৩৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান আজ। গেমসটি বসেছে প্যারিসে। এই টুর্নামেন্টে ৩৬টা ডিসিপ্লিনে ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট অংশগ্রহণ করবেন। তবে এই আসর শুরুর আগেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা সৃষ্টির হুমকি দিয়ে রেখেছিল। তাতে নড়েচড়ে বসে শহরটির নিরাপত্তা বাহিনী। জোরদার করে নিরাপত্তাব্যবস্থা। সেই ধারাবাহিকতায় এবার উদ্বোধনী অনুষ্ঠানের আগে সন্দেহভাজন দুই তরুণকে আটক করেছে প্যারিসের নিরাপত্তা বাহিনী। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) নিউ ইয়র্কভিত্তিক গণমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। ধারণা করা হচ্ছে, আটক এই তরুণেরা এক বা একাধিক সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। এ নিয়ে তদন্ত চলমান। এ বিষয়ে দেশটির এক প্রসিকিউটর বলেন, 'এটি যেমন অবস্থায় দাঁড়িয়েছে যে, আমরা ইন্টারনেটে যা বলা হয় তার বাইরেও প্রকল্পনাগুলোর বাস্তবতা যাচাইয়ের চেষ্টা করছি এবং এটি তার সফলতা পাওয়ার একটি নমুনা।' 

এর আগে গেল মঙ্গলবার প্যারিস থেকে কয়েক শ মাইল দূরে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জিরোন্ডে থেকে এক জনকে গ্রেফতার করা হয় এবং অন্য জনকে বৃহস্পতিবার ভ্রমণের সময় গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। যদিও প্রতিবেদনে আটক তরুণদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সন্ত্রাসী গোষ্ঠীর গেমস চলাকালীন হামলা করার হুমকির ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে মুখোশ পরা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, প্যারিস অলিম্পিকে রক্তের বন্যা বইয়ে দেবে তারা। ঐ হুমকি ভিডিওতে দেওয়া হয় ফ্রান্স এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রএঁকে। তার পরই সতর্ক অবস্থান নেয় প্যারিস প্রশাসন। অলিম্পিক গেমসে নিরাপত্তার কোনো ঝুঁকি রাখতে নারাজ আয়োজক দেশ। কারণ অলিম্পিকে এ ধরনের সন্ত্রাসীদের নাশকতার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক গেমসে এ ধরনের নাশকতার ঘটনা ঘটেছিল।

ইত্তেফাক/জেডএইচ