দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় দুই কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে ২০ বিজিবির বিশেষ টহল দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিরামপুর উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে এ বিষ উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা।
আজ শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের ঘাসুরিয়া বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। সীমান্ত পিলার ২৮৯/৪১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ দামোদরপুর থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি কাঁচের পাত্রে সাপের বিষ উদ্ধার করে তারা।
